কলেজছাত্রী শাহানার চিকিৎসার দায়িত্ব নিলো বসুন্ধরা গ্রুপ
খুলনার কলেজছাত্রী শাহানা আক্তারের হার্টের একটি ভাল্ভ নষ্ট হওয়ায় অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছিলেন না। সংবাদ প্রকাশের পর এ কলেজছাত্রীর চিকিৎসার দায়িত্বভার নিলেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
অর্থাভাবে চিকিৎসা বন্ধ হওয়া যন্ত্রণায় অসহায়, অভিভাবকহীন কলেজছাত্রী শাহানাকে নিয়ে শনিবার ‘৩ লাখ টাকায় বাঁচতে পারে কলেজছাত্রী শাহানার জীবন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয় গণমাধ্যমে।
প্রকাশিত এ প্রতিবেদনটি নজরে আসে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহানের। মানবতার পাশে দাঁড়াতে প্রতিষ্ঠানটির ভাইস চেযারম্যান তাৎক্ষণিকভাবে শাহানার সকল তথ্য সংগ্রহের উদ্যোগ নেন। শাহানার বাসায় গ্রুপের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হয়। প্রতিনিধিরা শাহানার স্বজনদের সঙ্গে কথা বলে তার ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র সংগ্রহ করেন। শাহানার স্বজনদের এসময় প্রতিনিধিরা জানান, তার চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছেন বসুন্ধরা এল.পি গ্যাস লিমিটেড তথা বসুন্ধরা গ্রুপ। এর ফলে অভিভাবকহীন হতদরিদ্র শাহানা তার প্রয়োজনীয় সকল চিকিৎসালাভের সুযোগ পায়।
বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যানের সাহায্যে চিকিৎসার সুযোগ হওয়ায় আবেগে আপ্লুত হন শাহানা।
শাহানা বলেন, কোনও দিন ভাবতেও পারিনি বসুন্ধরা গ্রুপের অর্থায়নে চিকিৎসার ব্যবস্থা হবে আমার। আমি এজন্য বসুন্ধরা গ্রুপের নিকট চিরকৃতজ্ঞ। আল্লাহর কাছে তাদের সকলের জন্য দোয়া করি।
মা মারা যাওয়া ও শৈশবে বাবা নিরুদ্দেশ হওয়া শাহানার আশ্রয়দাতা ফুফা নুর আলম বলেন, সমাজে যে এখনও অনেক ভালো মানুষ আছেন, সাচ্চাদিল, দরদী মানুষ আছেন তার প্রমাণ বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। আমি শাহানার জন্মদাতা পিতা না হলেও পিতার স্নেহে ওকে এবং ওর ছোট দুই ভাইকে আমার স্বল্প আয়ে সীমিত সামর্থ্যের মধ্যে লেখাপড়া শেখাচ্ছি। ওরা আমার তিন মেয়ের সঙ্গে সমান স্নেহে বড় হচ্ছে। শাহানার হার্টের ভাল্ভ নষ্ট হওয়ার পর থেকে আমি সাধ্যমতো চেষ্টা করেছি ওর চিকিৎসার ব্যবস্থা করতে। কিন্তু কোথাও থেকে কোনো সাহায্য-সহযোগিতা পাইনি। এ রকম অসহায়, উপায়হীন অবস্থায় অনেকটা নিরাশ হয়ে এক পর্যায়ে ওর বাঁচার আশাই ছেড়ে দিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে সংবাদ প্রকাশ হওয়ার পর বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে এলেন। তার সুবাদে আবার আশার আলো দেখছি। এ জন্য বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যানসহ বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট সবার কাছে চিরকৃতজ্ঞ। আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি।
চিকিৎসার জন্য শাহানাকে ঢাকায় নিয়ে যেতে বলেছে বসুন্ধরা গ্রুপ। এরই মধ্যে তিনি শাহানাকে নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন বলে জানান শাহানার স্বজনরা।
উল্লেখ্য, খুলনার সরকারি পাইওনিয়ার কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী শাহানা আক্তারের হার্টের একটি ভাল্ভ নষ্ট হয়ে গেছে। অন্য ভাল্ভও অকেজো হওয়ার পথে। জরুরিভিত্তিতে অস্ত্রোপচার করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ৩ লাখ টাকা। কিন্তু শাহানার দরিদ্র স্বজনদের পক্ষে চিকিৎসার এতো বিপুল অর্থ যোগাড় করা সম্ভব ছিলো না।
ছোট বেলায় শাহানার মা মারা যাওয়ার পর বাবা নিরুদ্দেশ হয়। সেই থেকে তাদের তিন ভাই-বোনকে দরিদ্র ফুফা নুর আলম অনেক কষ্ট করে বড় করেছেন। তাকেই তারা ‘বড় আব্বু’ বলে ডাকে। অসুস্থতার কারণে এ মুহূর্তে শাহানার পড়ালেখা বন্ধ হয়ে আছে। বসুন্ধরা গ্রুপের বদান্যতায় চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে শাহানা আবার তার পড়ালেখা শুরু করতে চায়। হতে চায় সমাজের একজন স্বাবলম্বী কর্মক্ষম নারী। অবদান রাখতে চায় আপন পরিবারের জন্য, অবদান রাখতে চায় দেশ ও দশের জন্য। সেই স্বপ্নপূরণের আশায় আনন্দে উদ্বেল হয়ে আছে শাহানা।