১৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৬

ঘুমধুম কেন্দ্রের এসএসসি পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেওয়া হলো

ঘুমধুম কেন্দ্র  © সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থানান্তর করে কক্সবাজার নেওয়া হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বিস্ফোরণে ১ রোহিঙ্গা যুবক নিহত হ‌ওয়ার ঘটনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই বিস্ফোরণে রোহিঙ্গা যুবক বেলাল প্রাণ হারান। আহত হয়েছেন আরো ৫ রোহিঙ্গা।

ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরিবর্তে শনিবার (১৭ সেপ্টেম্বর) থেকে উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: এসএসসি রুটিনের খালি একদিনে স্থগিত পরীক্ষা নেওয়া হবে

ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের হল সুপার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বশর মুঠোফোনে জানান, আমরা রাতেই প্রশাসনের নির্দেশনা পেয়ে কুতুপালং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসেছি পরীক্ষার সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য। আমাদের কেন্দ্রের ৪১৯ জন পরীক্ষার্থী এখানে বাংলা ২য় পত্রের পরীক্ষায় অংশ নেবে।

এর আগে এদিন সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তের কাছে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক বাংলাদেশি যুবকের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

গত এক মাসের ব্যবধানে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একাধিকবার মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটে। এমনকি যুদ্ধবিমান থেকে বাংলাদেশে সীমান্ত অভ্যন্তরে বোমা নিক্ষেপের ঘটনা‌ও ঘটে। বাংলাদেশ এসব ঘটনায় নিন্দা জানিয়ে আসছে। পাশাপাশি ওই দেশের রাষ্ট্রদূতকে তলব করে সতর্ক করা হয়েছে।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবিরিজী ব‌লেন, বর্তমানে বান্দরবা‌নের নাইক্ষ্যংছড়ির ঘুমধু‌মে সীমা‌ন্ত প‌রি‌স্থি‌তি ভালো না। এমন প‌রি‌স্থি‌তি‌তে ঘুমধু‌মের এসএস‌সি পরীক্ষা কেন্দ্রটি স‌রি‌য়ে নিকটবর্তী কক্সবাজা‌রের উখিয়ার কুতুপালং পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।