দেশের জনসংখ্যার ৯ শতাংশ প্রাথমিকের শিক্ষার্থী
দেশের মোট জনসংখ্যার ৯ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, আজকের শিশুরাই আগামীদিনে উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনের মূল চালিকা শক্তি। তাই শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদেরই নিতে হবে।
বৃহস্তপতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর ডেমরায় প্রাথমিক গণিত অলিম্পিয়াড ২০১৯ প্রতিযোগিতার ঢাকা পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করবে আজকের শিশুরা।এ জন্য প্রয়োজন প্রাথমিকের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।তিনি বলেন, সে লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, এই প্রকল্পের আওতায় গণিত অলিম্পিয়াড পদ্ধতিতে দেশের ৮০ টি বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদেরকে গণিতে পারদর্শী করে গড়ে তোলা হয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের গাণিত ভীতি দূর হয়েছে , গণিতের প্রতি আগ্রহ বেড়েছে। তিনি আরো বলেন, আগামী বছর থেকে এ পদ্ধতিতে সারাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে গণিত শিক্ষা প্রদান করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুল মান্নান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত ও গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মনির হাসান।