৩১ জুলাই ২০১৯, ১১:০৬

১১তম গ্রেড না দিলে কঠোর আন্দোলনে যাবেন সহকারী শিক্ষকরা

  © ফাইল ফটো

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের গ্রেড পরিবর্তনের প্রস্তাবনা চূড়ান্ত করে গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবনায় সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডে উন্নীত করার সুপারিশ করা হয়েছে বলে খবর বেরিয়েছে। তবে এটি মানবেন না বলে জানিয়েছেন সহকারী শিক্ষকরা। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন তারা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন গণমাধ্যমকে বলেছেন, সহকারী শিক্ষকদের বর্তমান ১৪তম গ্রেডের পরিবর্তে ১২তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ১১তম গ্রেডের পরিবর্তে দশম গ্রেডে উন্নীত করতে একটি প্রস্তাবনা তৈরি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দ্রুত এটি বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান। তিনি বলেন, এখন শিক্ষা ও অর্থ এ দুই মন্ত্রণালয় সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

পড়ুন: প্রধান শিক্ষকদের ১০তম, সহকারীদের ১২তম গ্রেডের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

তবে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গণমাধ্যমে খবর দেখে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। তবে সেখানে থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি।’

তিনি বলেন, ‘এ ধরণের সিদ্ধান্ত নিলে আমরা কখনোই মানব না। কারণ এতে বৈষম্য থেকে যাবে। আমাদেরকে ১১তম গ্রেডে বেতন দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের বিকল্প থাকবে না।’

এই শিক্ষক নেতা বলেন, ‘আমরা বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। তবে এখনো বিস্তারিত জানতে পারিনি। নিশ্চিত হলেই কঠোর আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জানা গেছে, প্রশিক্ষণবিহীন হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর সহকারী শিক্ষকদের বেতন ১৫তম গ্রেডে দেয়া হচ্ছে। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ১৪তম গ্রেডে বেতন পান। তবে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এগুলো থাকবে না।

পড়ুন: যে কারণে এমপিওভুক্ত হচ্ছে না অনেক শিক্ষা প্রতিষ্ঠান

বেতন গ্রেড বৃদ্ধির দাবি দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন শিক্ষকরা। বর্তমানে দ্বিতীয় শ্রেণির গ্রেড নিয়ে ১১তম গ্রেডে বেতন পাচ্ছেন প্রধান শিক্ষকরা। দ্বিতীয় শ্রেণির অন্য সব চাকরিজীবী দশম গ্রেডে বেতন পান। এ দুই বিষয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা আন্দোলন করছেন। প্রায় চার বছর ধরে করা শিক্ষকদের এ দাবির বাস্তবায়ন হতে চলেছে বলে জানিয়ে সংশ্লিষ্ট সূত্র।

নতুন প্রস্তাবনা অনুযায়ী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের বর্তমান ১৪তম গ্রেডের পরিবর্তে ১২তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ১১তম গ্রেডের পরিবর্তে দশম গ্রেডে উন্নীত করতে প্রস্তাবনা তৈরি করেছে।

গত ২৫ ফ্রেব্রুয়ারি হাইকোর্ট এক রিটের চূড়ান্ত শুনানিতে আদেশ প্রদান করেন যে- প্রধান শিক্ষকদের বেতন দিতে হবে দশম গ্রেডে। এর আগে সরকারের পরিকল্পনা ছিল প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড ঠিক রেখে সহকারী শিক্ষকদের বেতন ১২তমতে উন্নীত করা। তবে এ নির্দেশে প্রধান শিক্ষকরা দশম গ্রেড পাওয়ায় ১১তম গ্রেড দাবি করছেন সহকারী শিক্ষকরা।

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দুই ধরণের শিক্ষক রয়েছেন- ১. প্রধান শিক্ষক ২. সহকারী শিক্ষক। প্রধান শিক্ষকের নেতৃত্বে পাঠদানের মূল কাজটি করেন সহকারী শিক্ষকেরা। অথচ বর্তমানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে বেতন গ্রেডের পার্থক্য চার ধাপ। বর্তমানে প্রধান শিক্ষকেরা বেতন পাচ্ছেন দশম গ্রেডে (১৬০০০ টাকা স্কেলে, কোর্টের রায় অনুসারে যেহেতু বকেয়াও পাবেন) এবং সহকারী শিক্ষকেরা বেতন পান ১৪তম গ্রেডে (১০২০০ টাকা স্কেল)।