২৮ জুন ২০১৯, ১৪:৩২

প্রাথমিকে নিয়োগ: প্রশ্ন ফাঁস চক্রের ৩১জন আটক

নেত্রকোনায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩১ সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে কেন্দ্রীয় পৌর শহরের শামীম আহমেদ নামের এক ব্যক্তির বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা সবাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী। চক্রটির প্রধান মুন্নাফকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

নেত্রকোনার কেন্দ্রীয় থানার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, আটক ৩১ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। তাৎক্ষণিকভাবে মুন্নাফ ও বুলবুল ছাড়া কারও নাম-পরিচয় জানা যায়নি। আটক করা ব্যক্তিদের থানা-পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

ওসি বলেন, আটক করার সময় তাদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন ও প্রশ্নপত্র জব্দ করা হয়। তারা ওই ডিভাইসের মাধ্যমে প্রশ্নের উত্তর পরীক্ষার্থীদের সরবরাহ করছিলেন।

সহকারী পুলিশ সুপার কেন্দুয়া সার্কেল মাহমুদুল হাসান জানান, ওই চক্রটি শামীমের মিলে বিভিন্ন প্রশ্নপত্র যোগার করে ফাঁস করার চেষ্টা করছে বলে গোপন সংবাদে খবর পেয়ে সেখানে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা খোঁজ নেয়া হচ্ছে।