২৫ জুন ২০১৯, ০১:১৯

ছাত্রের মৃত্যু: তিন শিক্ষককে শাস্তি দিলেন শিক্ষা অফিসার

রংপুরের কাউনিয়ায় স্কুলমাঠে জামগাছ থেকে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোনাকী বালা ও দু'জন সহকারী শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক সুপারিশ করেছে উপজেলা শিক্ষা অফিসার। তবে ওই শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা না নিয়ে শুধু বদলির সুপারিশ করায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। যদিও শাস্তি পাওয়া প্রধান শিক্ষক জোনাকী বালা বলছেন, সে ঘটনার দিন স্কুলে আসে নাই। কখন সে গাছে উঠেছে আমরা জানি না।

উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার অধিকারী জানান, গত শনিবার দুপুরে কুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী স্কুলমাঠে জাম গাছে উঠে জাম খাচ্ছিল। এ সময় অসাবধনতা বসত ওই শিক্ষার্থী গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকরা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে না নেয়ায় সে ঘটনাস্থলেই মারা যায়।

পরে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. শরীফ আহমেদকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। বৃহস্পতিবার স্কুলে জরুরি সভা ডেকে সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঘটনার সময় উপস্থিত অন্য শিশু শিক্ষার্থী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণসহ উভয়ের বক্তব্য শুনে অভিযোগের সত্যতা পান।

উপজেলা শিক্ষা অফিসার বলেন, তদন্ত প্রতিবেদনে প্রধান শিক্ষক জোনাকী বালা, সহকারী শিক্ষক মনোয়ারা বেগম ও রুহুল আমীনের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার প্রমাণ মিলেছে। এদিকে স্থানীয় অভিভাবক বলেন, ওই শিক্ষার্থী গাছ থেকে পড়ে গিয়ে যখন কাতরাচ্ছিল। সে সময় প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা স্থানীয় লোকজনকে আহত শিক্ষার্থীর কাছে যেতে এবং উদ্ধারে বাধা প্রদান করেছিল। তারা বলেন, এমন ঘটনায় ওই শিক্ষকদের শুধু কি বদলিই যথেষ্ট?

এর আগে ঘটনার দিন অবশ্য অভিযোগ উঠে, মৃত্যুর বিষয়টি শিক্ষা অফিসারকে জানানোর জন্য এলাকাবাসী অনেক চেষ্টা করেও ব্যার্থ হয়। এরপর ঘটনাটি জানার পরও শিক্ষা অফিসার একটি বারের জন্যও ঘটনাস্থলে যায়নি, এমনকি শিশুটির বাবাকে সান্ত্বনা পর্যন্ত  দেননি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী গত সোমবার দুপুরে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধনসহ বিক্ষেভ করে। এরপর বিকালে ঘটনাস্থল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফত আরা বেগম পরিদর্শন করে এলাবাসীকে সুষ্ঠু বিচারের আশ্বাস প্রদান করলে উত্তেজিত এলাবাসী শান্ত হয়।

আরো পড়ুন: শিক্ষা কর্মকর্তাকে জুতার মালা, বহিষ্কার প্রাথমিক শিক্ষক

আরো পড়ুন:প্রাথমিকের জিপিএ-৫ নিয়ে কী বললেন সচিব?