২০ জুন ২০১৯, ১৮:০২

দুই প্রাথমিক শিক্ষিকাকে বহিষ্কার করলেন শিক্ষা কর্মকর্তা

দুই প্রাথমিক শিক্ষিকাকে বহিস্কার করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা। তারা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জে ৭নং দরবেশপুর ইউনিয়নের উত্তর মাঝিরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খাদিজা বেগম ও মনোয়ারা বেগম।  শিক্ষা কর্মকর্তা আবু সালে মোঃ আবু জাফর বুধবার এই সিদ্ধান্ত দিয়েছেন।

রামগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ দৌলতর রহমান বলেন, এলাকাবাসী, অভিভাবকসহ সুশীল সমাজের অভিযোগের ভিত্তিতে জেলা শিক্ষা কর্মকর্তা আবু সালেহ মোঃ আবু জাফর বুধবার সকালে সাড়ে ৯টায় শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানে তালা ঝুলতে দেখে শিক্ষকদের খবর দেয়। এতে সরকারি কর্মচারী বিধি মোতাবেক তাদের দুইজনকে সাময়িক বহিস্কার করা হয়েছে। পরবর্তীতে বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রস্তুতি চলছে।

জানা যায়, উপজেলার উত্তর মাঝিরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪জন শিক্ষকের মধ্যে আমেনা আক্তার মাতৃত্বকালীন ছুটিতে এবং সেলিনা আক্তার ডিপিতে রয়েছেন। বাকি দুইজন খাদিজা বেগম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা এবং মনোয়ারা বেগম সহকারী শিক্ষক হিসেবে নিয়েজিত থাকলেও বিভিন্ন অজুহাত দেখিয়ে সপ্তাহে ২-১ দিন নিজের ইচ্ছামাফিক বিদ্যালয়ের আসা-যাওয়া করতেন। বিষয়টি অভিভাবকদের দৃষ্টিতে আসে। এছাড়াও ওই দুই শিক্ষক সপ্তাহে ৩/৪ দিন কয়েক ঘণ্টার জন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে দুপুর ২টার মধ্যেই বাড়িতে চলে যান। বিভিন্ন সময় অবিভাবকরা এসব অনিয়মের প্রতিবাদ করলে শিক্ষিকা খাদিজা ও মনোয়ারা বেগম তাদের স্বামী কিংবা প্রভাবশালী আত্মীয়-স্বজন দিয়ে হুমকি প্রদান করেন।