প্রাথমিকের এডমিট না পেলে যা করবেন
আর মাত্র একদিন পর ২৪ মে অনুষ্ঠিত হচ্ছে সর্বাধিক অংশগ্রহণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। লিখিত পরীক্ষার চার ধাপের প্রথম ধাপটি অনুষ্ঠিত হবে ওইদিন। সকাল ১০টায় শুরু হয়ে এক ঘণ্টাব্যাপী চলবে ওই পরীক্ষা। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনা দেয়া রয়েছে— পরীক্ষা শুরুর পাঁচদিন আগে থেকে অধিদপ্তরের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউললোড করা যাবে।
একইসঙ্গে প্রবেশপত্র ডাউনলোডে সমস্যা হলে হেল্পলাইনে টেলিফোন বা এসএমএস করে যোগাযোগের পরামর্শ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রবেশপত্র ডাউনলোডের হেল্পলাইনের দুইটি টেলিফোন নম্বরও প্রকাশ করা হয়েছে। হেল্পলাইন নম্বর ০১৩০৫৭০৩৮৬৫ এবং ০১৩০৫৭০৩৮৭১। অধিদপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, নির্ধারিত পরীক্ষার ৫ দিন আগে প্রার্থীদের প্রবেশপত্র ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রার্থীরা প্রবেশপত্র http://admit.dpe.gov.bd/att/applicant/login ঠিকানা থেকে ডাউনলোড ও প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। প্রার্থীদের আবেদনে উল্লেখ করা মোবাইল নম্বরে ০১৫৫০-১৫৫৫৫৫ নম্বর থেকে এসএমএস পাঠিয়ে প্রবেশপত্র ডাউনলোডের ইউজার আইডি ও পাসওয়ার্ড জানিয়ে দেয়া হবে।
এর আগে সার্ভার আপডেট করার কারণে সাময়িক কিছুটা সমস্যা দেখা দিয়েছে বলে জানান ডিপিইর নিয়োগ শাখার সহকারী পরিচালক আতিক বিন সাত্তার। তিনি বলেন, ‘সোমবার থেকে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ছাড়া হলেও বুয়েট থেকে সার্ভার আপডেট কাজ করায় অনেকে অ্যাডমিট কার্ড পাচ্ছেন না। অনেক প্রার্থী ফোন করে আমাদের এমন অভিযোগ দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা বুয়েটের সঙ্গে কথা বলেছি, আজ (সোমবার) বিকেল ৪টার পর থেকে প্রবেশপত্র পেতে আর কোনো সমস্যা থাকবে না বলে জানানো হয়েছে। তারপরও যদি কারো কোনো সমস্যা হয় তা সমাধানে হেল্প লাইন হিসেবে দুটি টেলিটক নম্বর দেয়া হবে। কেউ কোনো সমস্যা মনে করলে এসব নম্বরে ফোন করে সমাধান পেয়ে যাবেন।’