১৭ এপ্রিল ২০১৯, ২২:০৬

তৃতীয় শ্রেণি পর্যন্ত ক্লাস মূল্যায়নে ১০ সদস্যের কমিটি

ইতোমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে নিয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে।বুধবার মন্ত্রণালয়ের এক সভায় এ কমিটি গঠন করা হয়েছে। ১৫ দিনের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

জানা গেছে, নতুন পদ্ধতিতে শিক্ষার্থীদের শোনা, বলা, পড়া ও লেখা এমন চারটি বিষয়ের ওপর মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে। এমন ধারাবাহিক মূল্যায়ন কার্যক্রম ২০২০ শিক্ষাবর্ষ থেকে শুরু হবে। এটি চূড়ান্ত করতে বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে তিন ঘণ্টাব্যাপী সভা অনুষ্ঠিত হয়।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেনের সভাপত্বিতে সভায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরীক্ষার পরিবর্তে ক্লাসে কীভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এনসিটিবি’র প্রণয়ন করা এমন একটি প্রস্তাবনা নিয়ে সভায় আলোচনা হয়েছে। সেখানে উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ মতামত প্রদান করেন।