২৪ মার্চ ২০১৯, ১৫:৩৯

তৃতীয় শ্রেণি পর্যন্ত সব পরীক্ষা বাদ: সচিব

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন  © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন জানিয়েছেন, চলতি বছর থেকেই তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে না। রবিবার দুপুরে সচিবালয়ে প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না রাখার বিষয়ে মন্ত্রণালয়কে নির্দেশনা দেন। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, আগামী বছর থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে না। তবে সিদ্ধান্ত পরিবর্তন করে আজ নতুন করে এ তথ্য জানালো মন্ত্রণালয়।

সচিব আকরাম-আল-হোসেন বলেন, ‘তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়া হলেও মূল্যায়ন প্রক্রিয়া থাকবে। নিচের ক্লাস থেকে উপরের ক্লাসে উত্তীর্ণ করতে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। আর চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে পরীক্ষা নেওয়া হবে।’

সচিব আরও বলেন, ‘সারাদেশে কোচিংগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এছাড়া প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ বছর ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পাবে এবং সাধারণ কোটায় পারে ৪৯ হাজার ৫০০ জনসহ মোট ৮২ হাজার ৫০০ জন বৃত্তি পাবে।

এর আগে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া বন্ধ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯’র উদ্ধোধনী অনুষ্ঠানের এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ক্লাস ওয়ানে ভর্তির জন্য ছাপানো প্রশ্নপত্র দেওয়া হয়, এই প্রক্রিয়াটি বাতিল করতে হবে। বয়স হওয়ার সাথে সাথে এলাকাভিত্তিক প্রাইমারি স্কুলে সমস্ত শিশুকে ভর্তি নিতে হবে। স্কুলে যাওয়ার অধিকার প্রত্যেকের রয়েছে।

আরো দেখুন: প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর