৩১ আগস্ট ২০১৮, ১৭:০৭

ক্ষুদে শিক্ষার্থীদের নাচে-গানে মাতালেন জাপানের অভিনেত্রী

জাপানের টিভি অভিনেত্রী ও গায়িকা রোলা  © সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন কিছু মুহূর্ত কাটালেন জাপানের জনপ্রিয় টিভি অভিনেত্রী ও গায়িকা রোলা। শিক্ষার্থীদের নাচে-গানে মুগ্ধ রোলা ভাঙা ভাঙা বাংলায় ব্যক্ত করেন বাংলাদেশের প্রতি নিজের ভালবাসার কথাও।

বৃহস্পতিবার শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে এই জাপানি অভিনেত্রীর আগমন উপলক্ষে ছিল বর্ণাঢ্য আয়োজন।

এদিকে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের নাচ-গানও উপভোগ করেন রোলা। ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে সেলফিও তুলতে ভোলেননি তিনি। এ সময় তিনি বাংলাদেশকে অনেক ভালবাসেন বলেও জানান।

এর আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন রোলা। সেখানে জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসক মো. রাব্বী মিয়ার সঙ্গে সভা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজাউল বারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাসুম বিল্লাহ, এনডিসি জ্যোতি বিকাশ চন্দ্র ও নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক এমএ বারী প্রমুখ।