৩০ জানুয়ারি ২০২১, ১১:১৬

ফল দেখতে পারছেন শিক্ষার্থীরা

ফল দেখতে পারছেন শিক্ষার্থীরা  © সংগৃহীত

পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩০ জানুয়ারি) গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করেন। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর থেকেই http://www.educationboardresults.gov.bd/ এ ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ফল দেখতে পারছেন।

প্রধানমন্ত্রী তার সামনে থাকা বাটন চেপে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের নিকট থেকে প্রধানমন্ত্রীর পক্ষে ফলাফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এসময় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান ছাড়াও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এবারের এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৫৬৮ জন। ময়মনসিংহ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ৪০ জন। যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৮৯২ জন। ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫৭ হাজার ৯২৬ জন। সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৪২ জন। দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৮৭১ জন। রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ৫৬৮ জন। চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ১৪৩ জন। মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪৮ জন। কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ১৪৫ জন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। রেজিস্ট্রেশনের মাধ্যমে অথবা মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে শিক্ষার্থীরা ফলাফল পেতে পারবে।