২৯ জানুয়ারি ২০২১, ২২:২৪

এইচএসসির ফল ‘রিভিউ’ করতে পারবে শিক্ষার্থীরা

প্রতীকী

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার (৩০ জানুয়ারি)। ইতিমধ্যে সে জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করবেন। এ ফলে কোন শিক্ষার্থী অসন্তুষ্ট হলে তা পর্যালোচনা বা ‘রিভিউ’ আবেদন করতে পারবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শনিবার সকাল সাড়ে ১০টায় এইচএসসির ফল ঘোষণা করা হবে। যারা আগেই রেজিস্ট্রেশন করে রেখেছেন, তারা এসএমএসে ফল পাবেন। বেলা ১১টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটেও ফল আপলোড করা হবে।

রিভিউ আবদেনের সুযোগ থাকছে জানিয়ে তিনি বলেন, ফলাফলে কারো আপত্তি থাকলে রিভিউ করতে পারবেন। ফলাফল প্রকাশের পর রিভিউয়ের পদ্ধতি জানিয়ে নোটিস দেওয়া হবে। ফলে অসন্তুষ্ট হলে আবেদনের সুযোগ দেওয়া হবে।

এবারে ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ এপ্রিল থেকে। কিন্তু করোনাভাইস মহামারীর কারণে সেই পরীক্ষা আর নেওয়া যায়নি। গত অক্টোবরে শিক্ষামন্ত্রী জানান, অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে ২০২০ সালের এইচএসসির ফল নির্ধারণ করা হবে।

জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হবে। এভাবে ফল প্রকাশের জন্য আইনও সংশোধন করা হয়েছে। জাতীয় সংসদের অনুমোদনের পর গত সপ্তাহে তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

এদিকে ফল প্রকাশ ও তা গ্রহণ নিয়ে শুক্রবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ। যাতে ফল গ্রহণ করতে প্রার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে মোবাইলে ফল পেতে খুদেবার্তার মাধ্যমে রেজিস্ট্রেশন করতেও বলা হয়েছে।

জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল ঘোষণা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ সম্পূর্ণ নিষেধ। শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল পাওয়া যাবে না। এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।