দিনাজপুর শিক্ষা বোর্ডের পাশের হার ৬০ দশমিক ২১ ভাগ
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবারের এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয় ঘটেছে। এবার কমেছে জিপিএ-৫। ইংরেজি বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার ৫শ জন। পাশের হার ৬০ দশমিক ২১। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি।
বৃহস্পতিবার দুপুর ১টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান ২০১৮ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন। এবার পাশের হার ৬০ দশমিক ২১। ১লাখ ২১ হাজার ৩৩৪জন পরীক্ষার্থীর মধ্যে ১লাখ ১৯ হাজার ৫০৭জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭১ হাজার ৯৫১ জন। এর মধ্যে ৩৪ হাজার ৮৮৪ জন ছাত্র ও ৩৭ হাজার ০৬৭ জন ছাত্রী। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। ৬৪ দশমিক ৫১ ভাগ ছাত্রী পাশ করলেও ছাত্র পাশ করেছে ৫৬ দশমিক ২২ ভাগ।
২০১৭ সালের তুলনায় এবার জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা কমেছে। জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ২৯৭ জন। এর মধ্যে ১ হাজার ৩৪৪ জন ছাত্র ও ৯৫৩ জন ছাত্রী। ২০১৭ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৯৮৭ জন। ২৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী ১ বিষয়ে অকৃতকার্য হয়েছেন।
বিজ্ঞান ও গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ২৬ হাজার ৯৪৮জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৮ হাজার ৮৮৯ জন। পাশের হার ৭০ দশমিক ০৯ভাগ। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৯১১ জন ছাত্র ও ৭ হাজার ৯৭৮ জন ছাত্রী। মানবিক, ইসলামিক স্টাডিজ ও সংগীত বিভাগে ৭৬ হাজার ৩৭ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৩ হাজার ২৫৬ জন পরীক্ষার্থী। পাশের হার ৫৬ দশমিক ৮৯। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৭ হাজার ৭৭৮ জন ছাত্র ও ২৫ হাজার ৪৭৮ জন ছাত্রী। বিজনেস স্টাডিজ বিভাগে ১৬ হাজার ৫২২ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮০৬ জন পরীক্ষার্থী। পাশের হার ৫৯ দশমিক ৩৫। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ১৯৫ জন ছাত্র ও ৩ হাজার ৬১১ জন ছাত্রী।
পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান জানান, কেবলমাত্র ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৩৯ হাজার ৫০০ জন। আর বাকী বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৮ হাজার। তিনি বলেন, সারা বাংলাদেশে অভিন্ন প্রশ্নসেটে পরীক্ষা নেয়া হলেও কোন কোন বোর্ডে ‘ক’ অথবা ‘খ’ প্রশ্ন সেটে পরীক্ষা নেয়া হয়েছে। দিনাজপুর ও ঢাকা বোর্ডে অভিন্ন প্রশ্নসেটে পরীক্ষা নেয়া হলেও এখানকার পারিপাশ্বিকতার কারণে পাশের হার কমেছে। ফেল করেছে বেশি সংখ্যক পরীক্ষার্থী।
ফলাফল ঘোষনার সময় শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আলহাজ্ব আমিনুল ইসলাম সরকার, কলেজ পরিদর্শক ফারাজ উদ্দীন তালুকদার, উপ-সচিব ড. আব্দুর রাজ্জাক, বিদ্যালয় পরিদর্শক আবু হেনা মোস্তফা কামাল ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হারুনুর রশিদ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।