ইবির ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন অধ্যাপক সাইফুল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদে নতুন ডিন হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক সাইফুল ইসলাম। আগামী দুই বছর তিনি দায়িত্ব পালন করবেন।
রবিবার (১৭ জুলাই) বেলা ১ টায় অনুষদীয় ডিনের কার্যালয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। একইসঙ্গে অনুষদটির উপ-রেজিস্ট্রার কায়সার আহমেদের চাকরি জীবন শেষ হওয়ায় তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
আরও পড়ুন: ইশতেহার ‘অঙ্গীকার ভেঙ্গে’ ডীন হলেন জবি শিক্ষক সমিতির সভাপতি
অনুষ্ঠানে সদ্য বিদায়ী ডিন ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন, অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ, অধ্যাপক ড. আলীনূর রহমান, অধ্যাপক ড. জাকারিয়া রহমান, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে অধ্যাপক ড. মিজানূর রহমানসহ অনুষদটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কে. এম. শরফুদ্দিন।
সদ্য দায়িত্বপ্রাপ্ত ডিন অধ্যাপক সাইফুল বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণার জায়গাটা সবচেয়ে বেশি দূর্বল। মৌলিক গবেষণারও যথেষ্ট অভাব রয়েছে। এই ক্ষেত্রটিকে উর্বর করে তুলতে শিক্ষকদের আগ্রহী হতে হবে। অনুষদটিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি।