নিউ মার্কেট সংঘর্ষ: ২ জন আইসিইউতে
নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুপুর পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত হয়ে ৪০ জনের মতো চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নাজমুল হক জানান, আহতদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। একটি রেসপন্স টিম তৈরি করে বাকি আহতদের সহযোগিতা করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, গুরুতর আহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মোর্সালিন (২৬)। তিনি নিউ মার্কেটের দোকান কর্মচারী। কামরাঙ্গীচড় পশ্চিম রসুলপুরে তার বাসা। কুমিল্লা জেলার দাউদকান্দি বাতাকান্দি গ্রামের মৃত মো. মানিক মিয়ার ছেলে।
অপর এক জনের পরিচয় পাওয়া যায়নি। আহতরা ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।
আরও পড়ুন: ঢাকা কলেজের হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অবরুদ্ধ
এর আগে সোমবার মধ্যরাতে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সে রেশে রাতভর উত্তেজনা ছিল রাজধানীর নিউ মার্কেট এলাকায়। মঙ্গলবার সকাল ছিল একেবারে থমথমে। এরপর আবারও পথে নেমে আসেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রড ও লাঠি-সোটা হাতে দল বেঁধে নিউ মার্কেট এলাকায় আসতে থাকেন ঢাকা কলেজের ছাত্ররা। শুরু হয় ভাঙচুর। হাতে লাঠি-সোটা নিয়ে বেরিয়ে আসেন ব্যবসায়ীরাও। বেঁধে যায় তুমুল সংঘর্ষ। দুপুর হলেও সে সংঘর্ষ চলছেই। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে।