১১ জুলাই ২০২১, ১২:০৭

ইবির আবাসিক শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশন শুরু

  © ফাইল ফটো

করোনাভাইরাসের টিকা নিতে সুরক্ষা অ্যাপে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এ জন্য শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ রবিবার (১১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাহবুবুর রহমান।

তিনি বলেন, যাদের রেজিস্ট্রেশন সঠিক ছিলো তারা রেজিস্ট্রেশন করতে পারবে। আর যেসব শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারছে না তাদের দুশ্চিন্তার কারণ নেই। নোটিশ দেওয়া হবে, পুনরায় সঠিক তথ্য পূরণ করলে আমরা তাদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবো।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া বলেন, আমরা বিকেলের মধ্যে ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয় থেকে সঠিক তথ্য সম্বলিত রেজিস্ট্রেশনকারী শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করবো। এরমধ্যে যদি কোনো শিক্ষার্থী বাদ যায় তাহলে পূর্বের নিয়মে আবারো নিবন্ধনের সুযোগ থাকছে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন নোটিশ প্রদান করবে।

এর আগে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক সব শিক্ষার্থীকে টিকা আওতায় আনার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে লক্ষ্যে আবাসিক শিক্ষার্থীদের টিকা নেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য বলা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আহবানে ওই সময় ইসালামী বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৭৮৬ জন অর্থাৎ ৪৩ শতাংশ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী করোনা টিকা নেওয়ার জন্য আবেদন করেন। অনলাইনে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীরাসহ টিকা নিতে আগ্রহী আবাসিক সব শিক্ষার্থীকে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে বলেছেন ইবি কতৃপক্ষ।