সাত কলেজের পরীক্ষাও নেয়া হবে সশরীরে
আবাসিক হল না খুলে সশরীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পর্যায়ের স্থগিত সব পরীক্ষা আগামী ১৫ জুন থেকে সশরীরে নেয়া হবে। এরপর আগামী ১ জুলাই থেকে অন্যান্য সেমিস্টারের ফাইনাল/বার্ষিক কোর্স পরীক্ষাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে নেয়া হবে। আজ মঙ্গলবার (১ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের বিভিন্ন বর্ষের স্থগিত পরীক্ষাগুলোও নেওয়া শুরু করতে পারবে বলে জানিয়েছেন সাত কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।
তিনি বলেন, সাত কলেজের স্থগিত পরীক্ষাগুলো সশরীরে নেওয়া হবে। আগামীকাল আমরা রুটিন নির্ধারণ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠাবো। আগামী ১৪ জুন সাত কলেজের প্রিন্সিপ্যালদের সঙ্গে এ বিষয়ে একটি সভা হবে। সেখানে কলেজগুলোর অন্যান্য সমস্যা সমাধান করা হবে।