বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বিনিয়োগে কর অব্যাহতির দাবি
বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে করা বিনিয়োগে কর অব্যাহতির সুবিধাসহ সরকার ও বেসরকারি খাতকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন শিক্ষাবিদরা। শনিবার (২৪ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘শিল্প ও শিক্ষাখাতের সমন্বয়: শিক্ষাখাতের ভূমিকা’ শীর্ষক অনলাইন আলোচনা সভায় তারা এ আহবান জানিয়েছেন।
ওয়েবিনারের নির্ধারিত আলোচনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের (বিইউপি) উপ-উপাচার্য এম আবুল কাসেম মজুমদার, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) উপাচার্য ড. কারম্যান জেড লামাগনা এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বিশেষ উপদেষ্টা ও ডিন প্রফেসর ইমরান রহমান প্রমুখ অংশ নেন।
বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর শিল্পায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে শিক্ষা ও শিল্পখাতের দীর্ঘমেয়াদি সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বিশ্ববিদ্যালয়সমূহের গবেষণা কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদানে সরকারি ও বেসরকারি খাতকে এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের প্রতিযোগিতার চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন।
ইউল্যাবের বিশেষ উপদেষ্টা ও ডিন প্রফেসর ইমরান রহমান বলেন, শিল্প ও শিক্ষাখাতের সমন্বয় এখন সময়ের দাবি এবং আমাদের সব স্টেকহোল্ডারদের মাঝে এটার বোধদয় হয়েছে, যা ইতিবাচক বিষয়। পাঠদান, গবেষণা ও শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে আরও বেশি হারে গুরুত্ব দিতে হবে।
ডিসিসিআইর সহ-সভাপতি এন কে এ মবিন ও মনোয়ার হোসেনসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ওয়েবিনারে যোগ দেন। ওয়েবিনারের স্বাগত বক্তব্য রাখেন ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান।