৩০ মার্চ ২০২১, ১৭:১০

বেরোবি অধ্যাপক আবু কালামকে নিজ বিভাগে ফিরে যাবার নির্দেশ

  © সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলামকে নিজ বিভাগ পদার্থবিজ্ঞান এ ফিরে যাবার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিণ্ডিকেট এর ১০ম সভার সিদ্ধান্ত অনুমোদনক্রমে ৬৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে আগামী ৫ এপ্রিল ২০২১ এর মধ্যে সেখানে যাওয়ার নির্দেশনা দিয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত চিঠি দেওয়া হয়েছে।

চিঠি থেকে জানা যায়, গত ১০ অক্টোবর ২০০৯ তারিখে অনুষ্ঠিত কম্পিউটার সায়েন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক পদে নিয়োগ বাছাই বোর্ডের সুপারিশে এবং ১০ম সিণ্ডিকেট সভার অনুমোদনক্রমে পদার্থ বিজ্ঞান বিভাগ খোলা হলে তিনি সেই বিভাগে চলে যাবেন শর্তে সেই পদে নিয়োগ পান আবু কালাম মো. ফরিদ উল ইসলাম। কিন্তু পরবর্তিতে পদার্থবিজ্ঞান বিভাগ খোলা হলেও সেই বিভাগে যোগদান না করে কম্পিউটার সায়েন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং বিভাগেই থেকে যান তিনি।

সিণ্ডিকেটের ৬৩তম সভায়  ১০ম সিণ্ডিকেটের তার নিয়োগ সংশ্লিষ্ট যোগদানের বিষয়টি উত্থাপিত হলে পর্যালোচনা শেষে তা বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম বলেন, ‘এটা আমাকে অপদস্ত করতেই করা হয়েছে। আমার ভাইভা, নিয়োগ বোর্ড সব কম্পিউটার সায়েন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উপর।’ চিঠিতে উল্লেখিত এমন কথা সিণ্ডিকেট কিংবা চিঠিতে উল্লেখ করতে পারেনা বলেও মন্তব্য করেন তিনি।  

তবে কি সিদ্ধান্ত নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

এবিষয়ে কম্পিউটার সায়েন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মিজানুর রহমান বলেন, ‘এটা তো আসলে প্রশাসনিক একটা নির্দেশ। সেখানে নির্দিষ্ট একটা সময় বেধে দেওয়া আছে। এরমধ্যে তিনি যদি সেই বিভাগে চলে যান তাহলে যাবেন। আর যদি না যান তাহলে প্রশাসন থেকে যা ব্যবস্থা নেওয়ার নিবে। এখানে বিভাগের কোনকিছুই করার নেই।’  

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারকে বারবার ফোন দিলেও তারা রিসিভ করেননি।  

প্রসঙ্গত, অধ্যাপক ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পদার্থবিজ্ঞান বিভাগে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে পিএইচডি করেন তিনি। ২০০৯ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে কলেজেও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন ড. ফরিদ। তাঁর যোগদানের সময় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ না থাকায় সিএসই বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগ দিয়েছিলেন তৎকালীন উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়া। তবে পদার্থবিদ্যা বিভাগ খোলা সাপেক্ষে তিনি সেখানে যোগদান করবেন বলে ১০ম সিন্ডিকেটে অনুমোদন নেয়া ছিল। এর প্রেক্ষিতে সিএসই বিভাগের শিক্ষকবৃন্দ ১০ম সিন্ডিকেটের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ২০১৯ সালের ০৫ সেপ্টেম্বর প্রশাসন বরাবর লিখিতভাবে আবেদন করলে ৬৩তম সিন্ডিকেট ড. ফরিদকে পদার্থবিজ্ঞান বিভাগে ফেরত পাঠানোর সিদ্ধান্ত অনুমোদন করে।

অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম বিভাগটিতে যাওয়ার পর থেকে সবচেয়ে বেশি সংখ্যক সময় বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। বিভাগটিতে অন্য কোন অধ্যাপক না থাকায় তিনিই বারবার বিভাগীয় প্রধান হচ্ছিলেন বলে জানান বিভাগটির শিক্ষকেরা।