কুবিতে বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ী নুসরাত, ফয়সাল ও ইমা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধুর স্বদেশ ভাবনা নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান প্রভা, দ্বিতীয় হয়েছেন বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ফয়সাল আহমেদ এবং তৃতীয় হয়েছেন আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহানা তানভীর ইমা।
শুক্রবার দুপুর ১২টায় স্বাধীনতা দিবসের পুষ্পাঞ্জলি অর্পণ শেষে বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হল প্রাধ্যক্ষ, বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রলীগ নেতা, কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এ রচনা প্রতিযোগিতা গত ৬ মার্চ পর্যন্ত জমা নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ১৫০০ শব্দের মধ্যে রচনা আহ্বান করা হয়।