২১ মার্চ ২০২১, ১৯:৪১

বাবার শাসনে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

  © প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশে বেড়াতে যাওয়ার কারণে মেয়েকে শাসন করায় অভিমানে বিউটি খাতুন (২০) নামে এক কলেজছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

তাড়াশ পৌর এলাকার কাউরাইল মহল্লার উত্তরপাড়ায় গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। বিউটি ওই মহল্লার মোকাদ্দেস আলীর মেয়ে ও তাড়াশ ডিগ্রী কলেজের স্নাতক শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার ওই কলেজ ছাত্রী অভিভাবকদের না জানিয়ে বাড়ি থেকে অন্যত্র বেড়াতে যান। এরপর বিকেলে তিনি বাড়িতে আসলে তার বাবা এ নিয়ে মেয়েকে শাসন করেন। পরে রাতে অভিমান করে বিউটি নিজ ঘরে ঘুমাতে যান।

এদিকে বিউটি রোববার সকালে ঘরের দরজা না খোলায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করতে থাকে। এতে সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে দেখতে পায় কলেজছাত্রীর গলায় ওড়না পেঁচানো লাশ ঝুলছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। কেউ কোনো অভিযোগ দেননি।’