জবি শিক্ষক ড. ফারহানার ‘সোশিওলজি অব ডিজাস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
জগন্নাথ বিশ্বদ্যিালয়ের প্রকাশনায় সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা জামানের লেখা ‘সোশিওলজি অব ডিজাস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান তাঁর কক্ষে এ মোড়ক উন্মোচন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, প্রক্টর ড. মোস্তফা কামালসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।
ড. ফারহানা বলেন, ‘দুর্যোগ মূলত একটি বহুমাত্রিক বিষয়। ফলে দুর্যোগ কে অধ্যয়নের জন্য জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা সাধারণত তার নিজ নিজ শব্দ ভাণ্ডার এবং তত্ত্বের সাহায্য নিয়ে থাকে। সেই প্রেক্ষিতে সমাজবিজ্ঞানের ছাত্রছাত্রীরা এমন একটি বহুমাত্রিক বিষয়কে সমাজবিজ্ঞানের দৃষ্টিভঙ্গির আলােকে পড়তে গিয়ে অনেক ক্ষেত্রেই জটিলতার সম্মুখীন হয়ে থাকেন। তাই দুর্যোগ বিষয়টি কখন, কিভাবে সমাজবিজ্ঞানের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে, সমাজবিজ্ঞানের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দিয়ে কিভাবে একে বিশ্লেষণ করা যায়, কি কি উপায় অবলম্বন করে দুর্যোগ সংক্রান্ত ঝুঁকি যাচাই করা যায়, এ সম্পর্কে সুনির্দিষ্ট পথ নির্দেশক হিসেবে কাজ করবে এই বইটি।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রকাশনায় এ পর্যন্ত ১৫টি বই প্রকাশ পেয়েছে এবং আরো কিছু বই প্রকাশের প্রক্রিয়া চলছে।