২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫৯

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাজুতে অবস্থানের চেষ্টা

  © টিডিসি ফটো

শাহবাগ থেকে সরে এসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করেছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও পুলিশের বাধায় তারা সেখানে বেশিক্ষণ অবস্থান করতে পারেনি।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে আসেন তারা। পরে প্রক্টোরিয়াল টিম ও পুলিশ বাধা দিলে সেখান থেকে তারা সরে গিয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়।

এসময় আন্দোলনকারীদের পক্ষে এক শিক্ষার্থী বলেন, আমাদের দাবি মানা না হলে এবং আটককৃতদের ছেড়ে দেওয়া না হলে  আগামী রবিবার থেকে কঠোর আন্দোলন করা হবে। এসময় তিনি আজকের মতো আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন।

শাহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ বলেন, শাহবাগ থেকে আমরা ১০-১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নিয়েছি। এদের মধ্যে ২/৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরের। তাদের অভিভাবকদের খোঁজ নেওয়া হয়েছে। তারা আসলেই আটককৃতদের ছেড়ে দেওয়া হবে।