তিন শর্তে মহাসড়ক অবরোধ প্রত্যাহার ববি শিক্ষার্থীদের
৪৮ ঘণ্টার মধ্যে তিন দফা দাবি বাস্তবায়নের শর্তে মহাসড়ক অবরোধ প্রত্যহার করে নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। মধ্যরাতে সাধারণ শিক্ষার্থীদের ওপর স্বশস্ত্র হামলার প্রতিবাদে টানা ১০ ঘণ্টা ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। তবে দাবি বাস্তবায়ন না হলে আবারো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার সকাল ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থী সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনায় সভা হয়। এতে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিন দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা তাতে আশ্বস্ত হননি। পরে বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরো এক দফা বৈঠক হয়। সেখানে শর্ত দিয়ে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা।
বিকেলের সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিনসহ, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সহকারী প্রক্টরেরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্গলা বাহিনীর পক্ষ থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোকতার হোসেন (দক্ষিণ) ও উপকমিশনার মনজুর হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দফা সভা শেষে শিক্ষার্থীদের প্রতিনিধি মাহমুদুল হাসান তমাল বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা আন্দোলন স্থগিত করেছে। তবে এই সময়ের মাঝে দাবি পূরণ না হলে আবারো আন্দোলনে ফিরবেন তারা।
মাহমুদুল হাসান তমাল জানান, তাদের তিন দফা হচ্ছে ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মামলা করতে হবে এবং এর পরে এমন কোনো ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার দায়ভার নিতে হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে হামলার ঘটনা ঘটে। এতে ১১ শিক্ষার্থী আহত হন। প্রায় এক ঘণ্টা ধরে নগরের রূপাতলী হাউজিং এলাকার কয়েকটি সড়কে শিক্ষার্থীদের মেসে এসব হামলা হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবরোধে আটকে পড়া একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বেলা ১১টার দিকে কুয়াকাটা এক্সপ্রেস নামে অবরোধে আটকা পড়া বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সড়ক অবরোধের কারণে বরিশাল থেকে বরগুনা, পটুয়াখালী, ভোলা ও কুয়াকাটার অভ্যন্তরীণ পথ এবং ঢাকাসহ অন্যান্য দূরপাল্লার বাস চলাচল বন্ধ আছে।
শিক্ষার্থীদের অভিযোগ, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বাসশ্রমিকেরা মারধর ও লাঞ্ছিত করার প্রতিবাদে রূপাতলী বাসস্ট্যান্ড-সংলগ্ন মহাসড়ক অবরোধ করার জের ধরে পরিবহনশ্রমিকেরা এই হামলা চালান।