সভা-সমাবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে বেরোবিতে মৌনমিছিল
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা এবং এ সংক্রান্ত প্রশাসনের দেয়া সব নির্দেশনা বাতিলের দাবিতে প্রতিবাদী মৌনমিছিল করেছে অধিকার সুরক্ষা পরিষদ।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে শেখ রাসেল মিডিয়া চত্বর থেকে শুরু করে ভিসির বাংলো হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।
এর আগে গত ৩১ জানুয়ারি ঢাকার লিয়াজোঁ অফিসে অনুষ্ঠিত হওয়া বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৭৫তম (বিশেষ) সভায় প্রশাসন ভবন, ভিসির বাংলো, একাডেমিক ভবন এবং শ্রেণিকক্ষের সামনে মিছিল-মিটিং, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ প্রদর্শন, স্লোগান, বক্তব্য প্রদান ও মৌন মিছিলসহ প্রতিবাদের অংশ হিসেবে তালা লাগিয়ে প্রতিবাদের কর্মকান্ডে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এই নির্দেশনার পর থেকেই এর প্রতিবাদ জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয়ের ভিসির দুর্নীতি বিরোধী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সর্ববৃহৎ সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ, বেরোবি বঙ্গবন্ধু পরিষদ, বেরোবি শাখা ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।