০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৩

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির টেকনিক্যাল সাব-কমিটির ২য় সভা অনুষ্ঠিত

  © সংগৃহীত

২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে শিক্ষার্থীদের ভর্তির জন্য সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছভুক্ত (জিএসটি) ২০ বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল সাব-কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে, আগামীকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নীতিনির্ধারকরা এক  বৈঠকে বসবে বলে জানা গেছে। বৈঠকে ভর্তি পরীক্ষার দিনক্ষণ নির্ধারণেও আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

টেকনিক্যাল সাব-কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে জানিয়ে আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এতে সভাপতিত্ব করেন। সভায় জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক ও আইটি বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন। 

সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা) ট্রেজারার ও টেকনিক্যাল সাব-কমিটির সদস্য অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. কাজী মোঃ নাসির উদ্দীন, আইসিটি সেল-এর কম্পিউটার প্রোগ্রামার ও টেকনিক্যাল সাব-কমিটির সদস্য-সচিব মোঃ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে গত ১৪ জানুয়ারি টেকনিক্যাল সাব-কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে, মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমন্বয়ে গঠিত কমিটির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. মীজানুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, দেশের করোনার প্রাদুর্ভাব না কমানো পর্যন্ত এই পরীক্ষা আয়োজন করা যাবে না। সেক্ষেত্রে কোন নির্দ্দিষ্ট দিনক্ষণ আপাতত বলা যাচ্ছে না। তবে বিয়য়টি নিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নীতিনির্ধারকদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো-ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), খুলনা বিশ্ববিদ্যালয় (খুলনা), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দিনাজপুর), মাওলনা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোয়াখালী), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুমিল্লা), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যশোর), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবনা), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাঙ্গামাটি), রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (সিরাজগঞ্জ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (গাজীপুর), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়।