০১ সেপ্টেম্বর ২০২০, ২০:১৪
ভুলে আসা সাড়ে ৫ লাখ টাকা ফেরত দিলেন ইবি ছাত্র
ব্যাংক একাউন্টে ভুলক্রমে চলে আসা ৫ লাখ ৪৩ হাজার ৯৫৭ টাকা প্রকৃত মালিককে ফেরত দিয়ে মানবতার নজির স্থাপন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র হানিফ হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের ছাত্র। তার বাসা নাটোর জেলার লালপুর উপজেলায়।
জানা যায়, গত ২৬ আগস্ট হানিফ হোসাইনের মায়ের রুপালী ব্যাংকের একাউন্টে ৫ লাখ ৪৩ হাজার ৯৫৭ টাকা জমা হয়। পরে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা যোগাযোগ করে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন তিনি। এরপর প্রকৃত মালিককে এসব টাকা হস্তান্তর করেন ব্যাংক কর্তৃপক্ষ।
এ বিষয়ে হানিফ হোসাইন বলেন, ২৬ আগস্ট মায়ের একাউন্টে ৫ লাখ ৪৩ হাজার ৯৫৭ টাকা জমা হয়। এরপর ব্যাংকে গিয়ে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি। প্রকৃত মালিকের নিকট টাকা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমি আমার নৈতিক দায়িত্ব পালন করেছি বলে জানান তিনি।