চবির হল থেকে ইতালি ফেরত যুবক উদ্ধার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হল থেকে এক ইতালি ফেরত সহ করোনা ভাইরাসের সংক্রমণের শঙ্কায় ৬ যুবককে উদ্ধার করে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
সোমবার (১৫ মার্চ) দিবাগত রাত দুইটায় সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের ৩২০ নম্বর কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয় । পরে তাৎক্ষণিকভাবে তাদের ফৌজদারহাটে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
ওই ৬ জনের মধ্যে একজন ইতালি ফেরত, দুইজন কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) শিক্ষার্থী, একজন ব্রাক্ষ্মণবাড়িয়া সদর উপজেলার ও অপর ২ জন চবির শিক্ষার্থী। তারা হলেন, ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলার ইতালি ফেরত দস্তগীর হোসাইন মাহফুজ, কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) শিক্ষার্থী সাইফুল ইসলাম ও ইব্রাহিম খলিল, সদরের সিরাজাম মুনির দুর্জয়। এদিকে ওই কক্ষে থাকতেন চবির উদ্ভিদবিদ্যা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহনেওয়াজ রানা ও একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জয়।
জানা যায়, গত ৫ মার্চ ইতালি থেকে ফেরেন দস্তগীর হোসাইন মাহফুজ নামে ওই যুবক। বিমানবন্দরের কোন চেকআপ না করিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয়ে আসে সে। তার সাথে আসে নিজ এলাকার বন্ধুরা। তারা সাজেক ভ্রমণের জন্যই মূলত এখানে এসেছিলো। বিগত বেশ কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের ওই কক্ষে অবস্থান করছিলেন তারা। আর তাদের নিয়ে আসেন শাহনেওয়াজ নামে বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী। প্রায় ২-৩ দিন পর্যন্ত তারা হলে অবস্থান করার পর আজ রাতে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাদের উদ্ধার করে তাৎক্ষণিক কোয়ারেন্টাইনে পাঠায়।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ওই ৬ জনকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছি। পরীক্ষা নিরীক্ষা করে তাদের যাচাই করা হবে। আর যে শিক্ষার্থী তাদের এনেছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে হবে।