১৫ মার্চ ২০২০, ২০:৪৯

করোনা আতঙ্কে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা চবি শিক্ষার্থীদের

  © ফাইল ফটো

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস আতঙ্কে সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা। বিভাগগুলোর মধ্যে ইতিহাস, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি বিভাগ।

রবিবার (১৫ মার্চ) পৃথক সময়ে বিভাগগুলোর শিক্ষার্থীরা সব ধরণের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। তবে কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া ক্লাস-পরীক্ষা বন্ধ রাখবেন না বলে জানিয়েছেন উল্লিখিত বিভাগীয় সভাপতিরা।

এর আগে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার আবেদন নিয়ে বিভাগীয় সভাপতির নিকট যায় শিক্ষার্থীরা। কিন্তু সভাপতিরা শিক্ষার্থীদের আবেদনে সাড়া না দেওয়ার কারণে সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

এ বিষয়ে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মারজান আক্তার বলেন, ক্লাস-পরীক্ষা বন্ধের লিখিত আবেদন নিয়ে আমরা বিভাগের সভাপতির নিকট গিয়েছিলাম। স্যার বলেছেন বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিলে তবেই ক্লাস-পরীক্ষা বন্ধ রাখতে পারবেন। কিন্তু আমরা করোনাভাইরাসের প্রকোপ না কমা পর্যন্ত আজ হতে সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করছি।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহনেওয়াজ অর্ণব বলেন, আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চলমান সকল ব্যাচের ছাত্র-ছাত্রী এবং ক্লাস প্রতিনিধিরা মিলে আগামীকাল থেকে আমরা ক্লাস বর্জন সিদ্ধান্ত নিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক সিরাজ উদ্ দৌল্লাহ বলেন, উপাচার্যের সাথে কথা বলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জনের বিষয়টি আমি শুনেছি। তবে উপাচার্য এ বিষয়ে কোনো ধরণের সিদ্ধান্ত দেন নি।