১১ মার্চ ২০২০, ২১:১১

চবি ছাত্রলীগের সহিংসতায় তদন্ত কমিটি গঠন

  © টিডিসি ফটো

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এ এফ রহমান হল ভাঙচুর ও লুটপাটের ঘটনার ৭ দিন পর তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ। বুধবার (১১ মার্চ) হলের প্রভোস্ট ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী ৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করে আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রভোস্ট বরাবর প্রতিবেদন জমা দিতে বলেন।

হলের সিনিয়র আবাসিক শিক্ষক মো. ফারুক হোসেনকে আহ্বায়ক এবং আবাসিক শিক্ষক সহকারী অধ্যাপক সুদীপ্ত শর্মা, সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন ও প্রভাষক কাজী রবিউল ইসলামকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খসরুল আলম কুদ্দুসী বলেন, হল ভাঙচুরের ঘটনায় সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে চার সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটিকে হলের শিক্ষার্থী ও কর্মকর্তা -কর্মচারীদের সাথে কথা বলে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২রা মার্চ আলাওল হলের একটি রুম দখলকে কেন্দ্র করে কনকর্ড ও বিজয় গ্রুপের দুই কর্মীর মধ্যে তর্কাতর্কির জেরে পরদিন মঙ্গলবার ও বুধবার দুই গ্রুপের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়। এ ঘটনার রেশ ধরে ৪ মার্চ দিবাগত রাতে এ এফ রহমান হলে অবস্থানরত বিজয় গ্রুপের ওপর আক্রমণ করে আ.জ.ম নাছিরের অনুসারীরা। ভাঙচুর করা হয় ৮০টিরও বেশি কক্ষ। যার ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লাখ টাকা বলে জানা যায়।অন্যদিকে রুম ভেঙে শিক্ষার্থীদের ল্যাপটপ, টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটপাট ও ৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ বলে জানা গেছে।