০৯ মার্চ ২০২০, ২৩:৫৭

ববিতে ছাত্রলীগের হামলার শিকার এক ছাত্র

  © লোগো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক ছাত্রের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপচার্য ভবনের সামনে এই ঘটনা ঘটে। আহত ওই ছাত্রের নাম রাফসান জানী। তিনি ২০১৫-১৬ শিক্ষাবর্ষের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী। এ হামলায় অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত মহিউদ্দিন আহমেদ সিফাতের অনুসারী। এ ঘটনায় রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাফসানের ডিপার্টমেন্টের ৮ম সেমিস্টারের ক্লাস শেষ হওয়ায় বরিশাল নগরীর হট প্লেট রেস্টুরেন্টে রাতের খাবারের আয়োজন করা হয়। এতে তাদের ব্যাচের সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত চলে। অনুষ্ঠান শেষে তারা সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাসে করে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওয়ানা হয়। বাসটি বিশ্ববিদ্যালয়ের সামনে ১০টার দিকে পৌঁছালে রাফসান নেমে পড়ে। এসময় উপাচার্য ভবনের সামনে অতর্কিতভাবে তাকে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ছাত্র হাফিজুল ইসলাম, আব্দুল হাকিম সুমন, হাসিব শেখ সাইমুনসহ আরও ২-৩ জন তাকে কিল-ঘুষি দেয়। একপর্যায়ে হাফিজ ও সুমন তাকে বাঁশ দিয়ে কোমর ও পাঁয়ে আঘাত করে এবং বেধরক মারধর করে। পরে তার সহপাঠীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে।

অভিযোগে বলা হয়, এ ঘটনার আগে থেকেই রাফসানকে মারধরের হুমকি দেয়া হয়েছিলো। এর আগে ২০১৯ সালের ১৯ জুলাই রাতে তাকে হলের রুম থেকে ডেকে হাফিজ ও সাইমুন মিথ্যা অভিযোগ দিয়ে মারধর করে। এই ঘটনা বিভাগকে জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। হামলাকারীরা সকলে গণিত বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মহিউদ্দিন আহমেদ সিফাতের অনুসারী।

মহিউদ্দিন আহমেদ সিফাত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত। এ ব্যাপারে সিফাত জানান, এ ঘটনার বিষয়ে আমি অবগত নয়। তাছাড়া ছাত্রলীগের কোনও কর্মী ঘটনার সাথে জড়িত নেই বলে জানান তিনি।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি নিয়ে আমরা বসবো।