০৩ মার্চ ২০২০, ১৩:৪৫

ছাত্রলীগ নেতা রাকিব-রাসেল হত্যার শাস্তির দাবিতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছাত্রলীগ নেতা রাকিব ও কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদীউজ্জামান রাসেলকে হত্যার প্রতিবাদ ও শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা পরিবহন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

সমাবেশে উপ-দপ্তর সম্পাদক এম মাইনুল ইসলাম রাজন বলেন, ‘ছাত্রলীগ ভাল কাজ করলে সুশীল সমাজের চোখে পড়ে না । কিন্তু খারাপ কাজ করলে তার সমালোচনায় পঞ্চমুখ হয়ে ওঠে। মিড়িয়াও শুধু আমাদের খারাপ দিকগুলো তুলে ধরে । আমরা তাদের বলতে চাই- আমাদের ভাল খারাপ উভয়দিক সমানভাবে তুলে ধরুন। জামাত শিবিরের রাজনীতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ। সারা বাংলাদেশেও নিষিদ্ধ। তাদের এই অপতৎপরতা বন্ধ করে অতিশীঘ্রই রাকিব ও রাসেল হত্যার বিচার সম্পন্ন করতে হবে।’

বিক্ষোভে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মিজানুর রহমান, আজিজুর রহমান নিলু, বায়েজিদ রানা কলিংস, জহিরুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক মো. তারেক হাসান, অভিষেক মন্ডল, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ঈসমাইল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আল বেরুনি হল, শহীদ সালাম-বরকত হল, মীর মশাররফ হোসেন হল, মওলানা ভাসানী হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ রফিক-জব্বার হল ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ইউনিটের নেতাকর্মীরা কর্মসূচীতে অংশ নেয়।