০১ মার্চ ২০২০, ১৭:০৬

লেডিস ঝুপড়িতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬

সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) একাউন্টিং বিভাগের অভ্যন্তরীণ বিষয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ। রবিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ঝুপড়িতে এ ঘটনার সূত্রপাত হয়। এতে ৬ ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের লেডিস ঝুপড়িতে একাউন্টিং বিভাগের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দুই পক্ষের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী কর্মীদের মারধর করে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী কর্মীরা। এর জের ধরে কলা ও মানববিদ্যা অনুষদ ঝুপড়িতে সভাপতির অনুসারী কর্মীদের মারধর করে সাধারণ সম্পাদকের অনুসারী কর্মীরা। পরে সেখান থেকে শাহ জালাল হল ও শাহ আমানত হলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এসময় দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় তাদের বিভিন্ন রকম দেশিয় অস্ত্রসস্ত্র বহন করতে দেখা যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, বিভাগের অভ্যন্তরীণ বিষয় নিয়ে জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি ও সামান্য ঝামেলা হয়েছে। আমরা বিষয়টা দ্রুত সমাধানের চেষ্টা করছি। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুও একই কথা বলেছেন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর এসএম মনিরুল হাসান বলেন, আমরা দুই পক্ষকেই ডেকেছি। দুই পক্ষের সাথে বসে বিষয়টি সমাধান করা হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং শাহ জালাল ও শাহ আমানত হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।