আবাসিক হলের নির্মাণ কাজ শেষ করতে জবি শিক্ষার্থীদের আল্টিমেটাম
আগামী এক মাসের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নির্মাণাধীন বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের নির্মাণ কাজ শেষ করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে (ইইডি) এই আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধনে করেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এসময় সাধারণ শিক্ষার্থীরা জানান, দেশের একমাত্র অনাবাসিক বিশ্ববিদ্যালয়ের তালিকা থেকে মুক্তি পেতে ২০১২ সালে শুরু হয় জবির ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের নির্মাণ কাজ। ৩৩ মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলে তা বিভিন্ন কারণে দফায় দফায় পিছিয়ে ৭৫ মাসেও শেষ হয়নি।
তারা আরও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে গেলেও আমাদের কোনও আবাসন ব্যবস্থা নাই। ছাত্রী হল নির্মাণ কাজ শুরুর ৮ বছর হতে চলছে অথচ আমরা আজও হল পাইনি।
উল্লেখ্য, ছাত্রীহলের নির্মাণ কাজ গত বছর জুনে শেষ করার মেয়াদ থাকলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে হল বুঝিয়ে দিতে পারেনি শিক্ষা অধিদপ্তর।