০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৮

চবির ৮২ শিক্ষার্থীর ভর্তিপ্রক্রিয়া শেষ করতে নির্দেশ হাইকোর্টের

  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের তিনটি ইউনিটে (এ, বি ও সি) মেধাতালিকায় থাকা ৮২ শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার (৯ ফেব্রুয়ারি) পৃথক চার রিটের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

চারটি রিটের মধ্যে দুইটি রিটের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ও দুইটির আইনজীবী খন্দকার শাহরিয়ার সাকিব।

উচ্চমাধ্যমিকে মানোন্নয়ন পরীক্ষা দেওয়া চবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়ার পরও ভর্তি প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ৮২ জন শিক্ষার্থী তিনটি রিট করেন। এছাড়া ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া একজন শিক্ষার্থী একটি রিট করেন।

‘ডি’ ইউনিটে মানোন্নয়ন দেওয়া ভর্তি পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ না করায় রিট আবেদনকারীর ফলাফল প্রকাশ ও সেই অনুযায়ী ভর্তির বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে।

দুইটি রিটের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ৮২ জন শিক্ষার্থীর তিন ইউনিটের (এ, বি, সি) বিষয় নির্বাচন ও ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আদালত। তবে একজন শিক্ষার্থী আলাদা রিট করেছিলো, তার ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশ ও ভর্তির বিষয়টি বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।