খুলনায় ৫ দাবিতে মানববন্ধন জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের
শান্ত নগরী নামে খ্যাত খুলনাতে মানববন্ধন করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঐক্য পরিষদ খুলনা বিএল কলেজ। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। কেন্দ্রীয় কমিটির নির্দেশে বিএল কলেজ গেটে মানববন্ধনে সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এতে লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নানা অনিয়মের মধ্য দিয়ে চলছে। বার বার প্রশ্ন উঠেছে শিক্ষার মান নিয়ে। শিক্ষক সংকট, শ্রেণি সংকট, যত্রতত্র অনার্স খুলে বসার ফলে মান নিয়ে প্রশ্ন উঠেছে।
আন্দোলনকারীরা বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অন্তর্ভূক্ত হলে তৈরি হবে দক্ষ জনশক্তি। তারাই পারবে টেকসই কর্মসংস্থান তৈরী করতে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৈষম্য দূর এবং দক্ষ জনশক্তি তৈরী করার লক্ষ্যে সমাবর্তনসহ শিক্ষা পদ্ধতি সংস্কারে পাঁচ দফা দাবি বাস্তবায়ন করার আহবান জানিয়েছেন তারা।
তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে, প্রতিবছরে সমাবর্তন আয়োজন করতে হবে; কলেজগুলোতে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় করা যাবেনা; সকল বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ব্যবহারিক কোর্স চালু এবং গবেষণাগার চালু; মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষে শিক্ষক ও ক্লাসরুম সংকট দুর করতে হবে এবং কলেজগুলোকে শুধু সনদপ্রাপ্তির কেন্দ্র না করে সংস্কারের মাধ্যমে কর্মমুখী শিক্ষা পদ্ধতি চালু করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ খুলনার হয়ে কথা বলেন জি এম ফয়সাল মুনির, মোঃ রেজোয়ান, মোঃ হাফিজসহ আরও অনেকে।
ফয়সাল মুনির বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে বৈষম্য বিরাজ করছে তা দূর করতে হবে। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। চাকরির বাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একধরণের হেও করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দিয়ে চাকরির বাজারে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। এছাড়া আমাদের একান্ত চাওয়া আমাদের উৎসবমুখর বিদায় চাই।