১০ জানুয়ারি ২০২০, ১৯:২০
রাষ্ট্রপতির নামের বানান সংশোধন করল জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তনের ব্যানার-ফেস্টুনে রাষ্ট্রপতির নামের বানানের ভুল সংশোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে প্রকাশিত ব্যানার-ফেস্টুনে রাষ্ট্রপতির নাম ‘জনাব মোঃ আব্দুল হামিদ’ লেখা হয়েছিল। শুক্রবার (১০ জানুয়ারি) রাষ্ট্রপতির নামের বানান সংশোধন করে ‘জনাব মোঃ আবদুল হামিদ’ লেখা হয়েছে।
নাম সংশোধনের বিষয়টি নিশ্চত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, ফেস্টুনে একটু সমস্যা হয়েছিল, আমরা তাৎক্ষণিক সমাধান করেছি। ফেস্টুনগুলো সংশোধন শেষে পুনরায় যথাস্থানে লাগিয়ে দেওয়া হয়েছে।
এদিকে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে জবির সমাবর্তন। প্রায় ১৯ হাজার গ্র্যাজুয়েট অংশ নিচ্ছেন এই সমাবর্তনে। ইতোমধ্যেই সমাবর্তনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।