প্রথম হওয়া ভর্তি বাতিল করছেন জান্নাত নিজেই
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষিকা ইমরানা বারীর ছোট বোন মিশকাতুল জান্নাত তার ভর্তি প্রক্রিয়া বাতিলের আবেদন করেছেন। ৩০ ডিসেম্বর সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের মাধ্যমে রেজিস্ট্রার বরাবর মিশকাতুল জান্নাত স্বাক্ষরিত এই আবেদন করেন।
অন্য প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ হওয়া প্রসঙ্গ টেনে তার জমাকৃত কাগজপত্রাদি উত্তোলন করতে ইচ্ছুক উল্লেখ করে প্রয়োজনীয় সব কাগজপত্র চেয়ে ভর্তি বাতিলের আবেদন করেন মিশকাতুল জান্নাত।
এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান (দায়িত্বে) উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ ভর্তি বাতিলের আবেদন বিষয়টি অবগত হয়েছেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, অন্যত্র ভর্তির সুযোগ হওয়ায় প্রতিটি বিভাগে অনেকেই ভর্তি বাতিলের আবেদন করেছেন। স্বেচ্ছায় যেমন ভর্তি হতে পারে তেমনি আবেদন করে ভর্তি বাতিলও করতে পারে।
উল্লেখ্য, বেরোবি ইংরেজি বিভাগের প্রভাষক ইমরানা বারীর ছোটবোন মিশকাতুল জান্নাত একই বিশ্ববিদ্যালয়ে দুইটি ইউনিটে সর্বনিম্ন নাম্বার পেয়ে ফেল করলেও ‘বি’ ইউনিটে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক নাম্বার পেয়ে প্রথম হয়। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয় এবং তদন্ত কমিটিও গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।