০৬ নভেম্বর ২০১৯, ১৮:৫৮

নজরুল কলেজে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট

বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকটে পড়েছে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ। প্রায় ১৭ হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য নেই বিশুদ্ধ খাবার পানির সু-ব্যবস্থা। অনেক সময় তৃষ্ণা লাগলেও পানি পান করতে পারেন না শিক্ষার্থীরা। আবার অনেককে পানি কিনে আনতেও দেখা যায়।

ক্যাম্পাসে মূল ভবন (এ) ভবন সহ (বি) ও (সি) ভবন ঘুরে দেখা যায়, বেশির ভাগ বিভাগেই নেই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। এতে ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের। তৃষ্ণা লাগলে পানি পান করতে পারেন না শিক্ষার্থীরা। অনেক সময় বাইরে থেকে পানি কিনে খেতে হয়। কলেজের বিভিন্ন বিভাগের প্রায় ১৫ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজে বিশুদ্ধ পানির খুব অভাব। কিছু বিভাগের উদ্যোগে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। তাদের অনুরোধ, প্রশাসনের উদ্যোগে যেন বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়।

বাংলা বিভাগের শিক্ষার্থী রাজ্জাক বলেন, ‘ক্যাম্পাসে বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় বাইরে থেকে পানি কিনে খেতে হয়। ভবনের বাইরে বিভিন্ন জায়গায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হলে আমাদের অনেক সুবিধা হত।’

কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন,‘আমাদের কলেজে বিশুদ্ধ পানির কোন ব্যবস্থা নেই।কয়েকটা ফিল্টার বসানো হয়েছে তাতে পানি পাওয়া যায় না। এব্যাপারে আমাদের প্রশাসনের কোনধরনের পদক্ষেপ দেখি না।’

নাম অনিচ্ছুক এক শিক্ষক জানান, অনিরাপদ পানি পান করার ফলে শিক্ষার্থীদের ডায়রিয়া, টাইফয়েড, বিভিন্ন প্রকার চর্মরোগ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই শিক্ষক-শিক্ষার্থী সবার কথা বিবেচনায় এনে ক্যাম্পাসে বিশুদ্ধ পানির ব্যাবস্থা করা উচিত।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ‘আমরা প্রত্যেকটি বিভাগকে বিশুদ্ধ পানি নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিতে বলেছি।আশা করি দ্রতই এ সমস্যা সমাধান হবে।’