০৫ নভেম্বর ২০১৯, ২৩:৪৫

বাসভবনের সামনে আন্দোলনকারীদের অবস্থান, অবরুদ্ধ জাবি উপাচার্য!

  © টিডিসি ফটো

ছাত্রলীগের হামলার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলেও তা প্রত্যাখান করে আন্দোলন অব্যাহত রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ১০টা থেকে তারা ফের উপাচার্যের বাসভবন সংলগ্ন রাস্তায় অবস্থান নেন। রাত সাড়ে ১২টায় এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা গেছে।

এসময় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তার বাসভবনেই অবস্থান করেন। এদিকে, রাত সাড়ে ৯টার পর থেকে উপাচার্যের বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফলে আন্দোলনকারীরা বাসভবন সংলগ্ন রাস্তায় অবস্থান নেন।

এদিকে, রাতে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন-সিনেট সদস্য আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন মৃধা, ব্যারিস্টার শিহাব উদ্দিন। এসময় ব্যারিস্টার শিহাব উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় ভালোভাবে চলছে না। আজকের হামলায় সারাদেশ ধিক্কার জানাচ্ছে। আর যারা নির্বাহী আদেশে ভিসি হন, তারা নিয়মের তোয়াক্কা করেন না। আমরা একমত যে, উপাচার্যের পদত্যাগ করা উচিত। তার লজ্জা থাকলে তিনি পদত্যাগ করবেন।’

এর আগে আন্দোলনরতদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাত পৌনে ১০টার দিকে বেগম সুফিয়া কামাল হল ও প্রীতিলতা হলের তালা ভেঙে ছাত্রীরা রাস্তায় নেমে আসেন। এসময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরাও বের হয়েছিলেন। বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। পরে তারা আন্দোলনকারীদের সাথে যোগ দেন।

প্রসঙ্গত, মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তার বাসভবনের সামনে আন্দোলনকারীদের অবরোধের মাঝে হামলা চালায় শাখা ছাত্রলীগ। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ প্রায় ৩৫ জন আহত হন।

হামলার ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটের জরুরি এক সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন।

আন্দোলনকারীদের সাথে সাধারণ শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে যোগ দেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পর প্রায় তিন মাস যাবত উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এই আন্দোলনের অংশ হিসেবে গত ১১দিন বিশ্ববিদ্যালয়ের দুটি প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন তারা। সোমবার সন্ধ্যায় একটি মিছিল নিয়ে আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। মিছিলটি পরিবহন চত্বর থেকে শুরু হয়ে ভিসি ভবনের সামনে শেষ হয়।