০৫ নভেম্বর ২০১৯, ১১:২১

জাবিতে হংকংয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হংকংয়ের আটটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় অংশগ্রহনের জন্য একটি দিকনির্দেশনা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে হংকং ইউনিভার্সিটি অব এডুকেশনের সহসভাপতি অধ্যাপক ল্যু-এর নের্তৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বক্তব্য রাখেন।

এসময় প্রতিনিধি দলটির সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষ উচ্চশিক্ষা সহায়তা কার্যক্রমের জন্য একটি সমঝোতা চুক্তির লক্ষ্যে সাক্ষাত করেছেন।

সোমবার বেলা ১২টার দিকে সরকার ও রাজনীতি বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত উচ্চশিক্ষা বিষয়ক এ সেমিনারের পরে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার, আইন অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ এবং সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক নাসরীন সুলতানার সঙ্গে হংকং এর প্রতিনিধি দলটি সাক্ষাত করেন।

এ ব্যাপারে হংকং-এর প্রতিনিধি দলটির বাংলাদেশ অংশের সমন্বয়ক সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক তারিকুল ইসলাম বলেন, ‘উচ্চশিক্ষা নিয়ে হংকং এর বিশ্ববিদ্যালয়গুলোর সাথে জাহাঙ্গীরনগরের একটি সমঝোতা চুক্তির ব্যাপারে উভয়পক্ষ একমত পোষন করেছেন। আশা করছি শীঘ্রই চুক্তিটি স্বাক্ষরিত হবে। চুক্তিটির ফলে জাবি শিক্ষার্থীদের হংকং পিএইচডি, মাস্টার্স ও পোস্ট ডক্টরাল ডিগ্রি নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দূর হবে।’