৩০ অক্টোবর ২০১৯, ০০:১৫

প্রশ্নপত্রে ‘টেকনিক্যাল’ সমস্যা, চবির ডি ইউনিটের ফল স্থগিত

  © ফাইল ফটো

ন্যাশনাল কারিকুলামের (ইংরেজি মাধ্যম) শিক্ষার্থীদের প্রশ্নপত্র প্রণয়নে ‘টেকনিক্যাল’ সমস্যার কারণে প্রায় ৩০০ পরীক্ষার্থীর ফলাফল প্রকাশ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে। আগামী ৬ নভেম্বর শুধুমাত্র এসব পরীক্ষার্থীর পুনঃপরীক্ষা নেয়ার পর ওই ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে। 

মঙ্গলবার রাতে ওই ইউনিটের সমন্বয়ক ও চবির শিক্ষা অনুষদের ডিন আবদুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় কারিগরি ত্রুটির কারণে ন্যাশনাল কারিকুলামের মাধ্যমের প্রশ্ন না ছাপানোয় প্রায় ৩০০ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ নিয়ে জটিলতা তৈরি হয়। তাই এই ইউনিটের পুনঃপরীক্ষা আগামী ৬ নভেম্বর নেওয়া হবে।

জানা যায়, গত সোমবার দুই শিফটে ‘ডি’ ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিতির হার ছিলো ৮৫ শতাংশ। মোট ৪৪ হাজার ৯৯০ জন এ পরীক্ষায় অংশগ্রহণ করে। অন্যদিকে অনুপস্থিত ছিলো ৭ হাজার ৯২৭ জন শিক্ষার্থী। তবে ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৮১ আসনের বিপরীতে মোট আবেদন করেছিলো ৫২ হাজার ৯১৭ জন শিক্ষার্থী।

এদিকে, মঙ্গলবার বিকেলে এই ইউনিটের ফলাফল ঘোষণার কথা থাকলেও নির্দ্দিষ্ট সময়ে প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে রাত ৯টার পর ঐ ৩০০ শিক্ষার্থীর পরীক্ষা আগামী তাদের পুনঃপরীক্ষা আগামী ৬ নভেম্বর নেয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পুনঃপরীক্ষার পরই সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে বলে জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, একটি পরীক্ষার জন্য তিন ধরনের প্রশ্ন প্রণয়ন করা হয়ে থাকে। এর মধ্যে প্রথমটি হলো জেনারেল, এতে শুধুমাত্র ইংরেজির প্রশ্ন ইংরেজিতে হয়ে থাকে। এছাড়া বাকী অংশের প্রশ্ন বাংলায় করা হয়। দ্বিতীয়টি হলো ন্যাশনাল কারিকুলাম, এতে বাংলা ছাড়া সকল প্রশ্ন ইংরেজিতে করা হয়। আর তৃতীয়টি ব্রিটিশ কারিকুলাম, এতে সকল প্রশ্নই ইংরেজিতে করা হয়।

চবির ডি ইউনিটের পরীক্ষার্থীদের জন্য জেনারেল ও ব্রিটিশ কারিকুলাম-এই দুই পদ্ধতিতে প্রশ্ন করা হয়েছে। ফলে ন্যাশনাল কারিকুলামের শিক্ষার্থীরা ঐচ্ছিক ইংলিশের পরীক্ষার প্রস্তুতি না থাকায় ফলাফলে জটিলতা সৃষ্টি হয়েছে। এরকম শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০০ জন হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তাদের পরীক্ষা আগামী ৬ নভেম্বর পুনরায় অনুষ্ঠিত হবে।