২১ অক্টোবর ২০১৯, ১১:১১

১৪ বছরেও স্লোগান নেই জবির

সাদামাটা আয়োজনের মধ্য দিয়ে রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানসমূহের মধ্যে ছিল শোভাযাত্রা, বার্ষিক চারুকলা প্রদর্শনী, আলোচনা সভা, নাটক পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রকাশনা উৎসব।

কিন্তু কেক কাটার কোন অনুষ্ঠান ছিল না। এছাড়া অনুষ্ঠানের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ‘স্লোগান’ না থাকলেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও মেট্রোরেলের প্রতিচ্ছবি ছিল।

ব্যানারে স্লোগান না থাকার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের কোন স্লোগান নেই। ‘শিক্ষা-ঈমান-শৃঙ্খলা’ কলেজ সময়কার স্লোগান। বিশ্ববিদ্যালয়ের জন্য কোন স্লোগান তৈরি করা হয়নি। তবে নতুন করে স্লোগান তৈরি করা হবে। আর লোগোও নতুন করে বানানো হবে।