জাবি ভিসিকে ‘লাল কার্ড’ দেখাবে আন্দোলনকারীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) চলমান দুর্নীতি বিরোধী আন্দোলনের কর্মীরা উপাচার্যের বিরুদ্ধে দেওয়া ১ অক্টোবরের আল্টিমেটামের শেষ দিন আগামীকাল মঙ্গলবার। এরমধ্যে ভিসি পদত্যাগ না করলে বুধবার ও বৃহস্পতিবার ‘সর্বাত্মক ধর্মঘট’ এবং আগামীকাল উপাচার্যের প্রতি ‘লাল কার্ড’ প্রদর্শনের ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার ভর্তি-পরীক্ষা চলাকালীন দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে আন্দোলনকারীরা ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে তাদের পূর্বঘোষিত নিয়মিত কর্মসূচি কালো পতাকা প্রদর্শন ও মানববন্ধনে এ ঘোষণা দেন। এর আগে দুপুর সাড়ে ১২টার উপাচার্যের দুর্নীতির প্রতিবাদে শহীদ মিনার প্রাঙ্গণে গণসংগীত পরিবেশন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাহাথির মোহাম্মদ বলেন, ‘আমরা উপাচার্যকে সম্মানজনকভাবে সরে যাওয়ার সুযোগ দিয়েছিলাম। উপাচার্য ও সরকারি ছাত্র সংগঠন ব্যতীত বিশ্ববিদ্যালয়ের সমস্ত অংশীজনই উপাচার্যের পদত্যাগ দাবি করে। কাল পদত্যাগের আল্টিমেটাম শেষ হতে যাচ্ছে। কিন্তু উপাচার্য এখনো পর্যন্ত শিক্ষার্থীদের দাবির প্রতি কর্ণপাত করেননি। কালকের মধ্যে পদত্যাগ না করলে আপনাকে (উপাচার্য) লাল কার্ড দেখানো হবে।’
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, অধ্যাপক খবির উদ্দিন, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক নাজমুল হাসান তালুকদার প্রমুখ।
এছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাবি শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।