বশেমুরবিপ্রবি নিয়ে ইউজিসি’র তদন্ত প্রতিবেদন দাখিল
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও নৈতিকস্খলন বিষয় খতিয়ে দেখতে গঠিত ইউজিসি’র তদন্ত কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে।
আজ সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মো. কাজী শহীদুল্লাহর কাছে কমিটি তদন্ত প্রতিবেদন হস্তান্তর করে। এসময় কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমন্টে বিভাগের পরিচালক মো. কামাল হোসেন ও একই বিভাগের উপ-পরিচালক মৌলি আজাদ উপস্থিত ছিলেন।
ইউজিসি সদস্য ড. মুহাম্মদ আলমগীরকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটি গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে গিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে। এসময় বিশ্বব্যিালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের, শিক্ষক, কমকর্তা-কর্মচার্রী এবং শিক্ষার্থীদের বক্তব্য গ্রহণ করা হয়।
তদন্ত কমিটি দ্রুততম সময়ে তদন্ত কাজ সমাপ্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন ইউজিসি চেয়ারম্যানের কাছে জমা দেন। ইউজিসি কর্তৃক এ প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের ২৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখের চিঠির আলোকে একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে ছাত্র আন্দোলনের প্রকৃত ঘটনা এবং বর্তমান অবস্থা সম্পর্কে সামগ্রিক তথ্যাদি সংগ্রহ করে প্রতিবেদন দাখিলে অনুরোধ করেছিল।
প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর থেকে উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম , দুর্নীতির প্রতিবাদে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একপযার্য়ে শিক্ষার্থীদের উপর হামলার করে ভিসিপন্থীরা।
উদ্ভুদ ঘটনা সরেজমিনে দেখতে ২৫ সেপ্টেম্বর ইউজিসির সদস্য ড. মো. আলমগীরের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের তদন্ত দলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান।