শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ বশেমুরবিপ্রবিসাসের
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে ষষ্ঠ দিনের মতো আমরণ অনশন এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এরই মধ্যে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি (বশেমুরবিপ্রবিসাস) গত শনিবারের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।
আজ মঙ্গলবারদুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়েজন করা হয়। এ সময় বৃষ্টিতে ভিজেও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
মানববন্ধনে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি শামস জেবিন, শিক্ষার্থীদের উপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক দাবি করে তিনি আবারো শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি একাত্মতা পোষণ করেন এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য,গত শনিবার ক্যাম্পাসের বাইরে বিভিন্ন স্থানে হামলায় চার সাংবাদিকসহ বিশ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটে। এর আগে ১৬ সেপ্টেম্বর সাংবাদিক সমিতির সভাপতি শামস জেবিনের উপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি এখনো তদন্ত রিপোর্ট জমা দেয়নিশিক্ষার্থীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে ওই দিনই সহকারী প্রক্টর মো. হুমায়ূন কবীর পদত্যাগ করেন।