আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি দিলেন নিরাপত্তা কর্মকর্তা
বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম করেছেন ঠিক তার বিপরীত কাজ। আজ সোমবার সন্ধ্যায় ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে শিক্ষার্থীদের হুমকি দিতে দেখা যায় তরিকুল ইসলামকে। তিনি বলছেন, চাকরি করেন বা না করেন আন্দোলনের নেতৃত্বে যারা রয়েছে তাদের কাউকে তিনি ছাড়বেন না।
এ বিষয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে যাতে বহিরাগতরা প্রবেশ করতে না পারে একারণে তারা সকলের আইডি কার্ড দেখে ঢুকতে দিচ্ছিলেন। বিকেল থেকেই বেশ কয়েকজন কর্মকর্তা ফাইল নিতে প্রশাসননিক ভবনে প্রবেশ করার চেষ্টা করেন। কিন্তু তারা কেউই কোনো কার্ড দেখাতে রাজি হচ্ছিলেন না। তাই শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাঁধা প্রদান করে এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে উপাচার্যের ব্যক্তিগত সহকারী ইমরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলামসহ বেশ কয়েকজন কর্মকর্তা এসে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে।
আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, ‘প্রথমত তারা আইডি কার্ড দেখাতে চাচ্ছিলো না; দ্বিতীয়ত তারা ফাইল নিতে চাচ্ছিলো। বর্তমানে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং উপাচার্য বা রেজিস্ট্রার কেউই নেই। এমতাবস্থায় তাদের ফাইল নেয়ার উদ্দেশ্য আমাদের কাছে পরিষ্কার নয়। হতে পারে তারা কোনো দুর্নীতির তথ্য লোপাট করতে চাইছে। আর তাছাড়া এইমুহুর্তে বিশ্ববিদ্যালয় থেকে কোনো গুরুত্বপূর্ণ ফাইল হারালে তার দায়ভার আন্দোলনকারীদের ওপর আসতে পারে।’
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর থেকে উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা। আন্দোলনের প্রেক্ষিতে ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় কিন্তু শিক্ষার্থীরা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে ২১ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একাধিকবার আন্দোলনকারীদের ওপর স্থানীয়রা হামলা করে। এতে তিনজন ক্যাম্পাস সাংবাদিক সহ প্রায় ৫০ জন শিক্ষার্থী আহত হয়। আন্দোলনকারীদের অভিযোগ উপাচার্যের নির্দেশেই হামলার ঘটনা ঘটেছে।