১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩১

সাংবাদিক বহিষ্কার ও লাঞ্ছনার প্রতিবাদে জাবি শিক্ষার্থীরা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সাংবাদিক বহিষ্কার ও লাঞ্ছনার প্রতিবাদে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকবৃন্দ’র ব্যানারে মানববন্ধন করেছে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশ ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বশেমুরবিপ্রবি শিক্ষার্থী এবং ডেইলি সান ও দ্যা ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি জিনিয়ার বহিষ্কার এবং উপাচার্যের অসুলভ আচরণ ও মিথ্যাচারের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হাসান আল মাহমুদের সঞ্চালনায় দ্যা ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সহ-সভাপতি মো. আসাদুজ্জামান বলেন, ‘সাংবাদিক ও শিক্ষার্থীর সাথে বশেমুরবিপ্রবি উপাচার্যের এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।

সারা বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের মতো স্থানে এ ধরনের অবিচার এবং স্বৈরাচারী আচরণ প্রত্যাশিত নয়। জিনিয়ার সাথে যে ঘটনা ঘটেছে তার জন্য উপাচার্যসহ সংশ্লিষ্টদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মুসা বলেন, ‘আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই। দেশের প্রত্যেকটা নাগরিক সংবিধানে উল্লেখিত অধিকার ভোগ করবে সেই দাবি জানাচ্ছি। পাশাপাশি বশেমুরবিপ্রবি উপাচার্যের এমন আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

ঢাকা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সোয়ায়েব রহমান সজীব বলেন, ‘বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা ও মুক্তচর্চার স্থান। এখান থেকে শিক্ষার্থীরা প্রশ্ন করতে শিখবে, গঠনমূলক সমালোচনা করতে শিখবে। এর বিপরীতে আমরা দেখছি শিক্ষার্থীদের কন্ঠরোধ করা হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে সাংবাদিকতা এবং বাক স্বাধীনতা নিশ্চিতের দাবি জানাচ্ছি।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসকদের স্বৈরাচারী মনোভাব শিক্ষার্থী সংক্রান্ত তাদের যে ভাবনা আমাদের স্মরণ করিয়ে দেয়, যে আমরা এই জন্য বিশ্ববিদ্যালয় চাইনি। বাংলাদেশে মুক্ত বুদ্ধিচর্চার জায়গা বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রের বিবেক বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসকের বক্তব্য কখনো এমন নগ্ন হতে পারে না। আমরা বশেমুরবিপ্রবি উপাচার্যের এমন আচরণের প্রতিবাদ জানাচ্ছি।’

এদিকে মানববন্ধনে সংহতি জানিয়ে অংশ নেন, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, ছাত্র ইউনিয়ন জাবি সংসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখা নেতারা।