চবিতে সেই ছাত্রলীগ নেতার অনশন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সাবেক সদস্য মো. ইফতেখার উদ্দিন আয়াজ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নতুন দায়িত্বপ্রাপ্ত একাধিক শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অনশনে করেছেন। বুধবার দুপুর ২টা ১৫ মিনিট থেকে সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে অনশন করতে দেখা যায় ছাত্রলীগের সাবেক এই সদস্যকে।
অনশন প্রসঙ্গে ইফতেখার উদ্দিন আয়াজ বলেন, শিক্ষক মাইদুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ২০১৮ সালের ২৪ জুলাই তথ্যপ্রযুক্তি আইনে আমি একটি মামলা করেছিলাম। কিন্তু এই মামলার প্রতিবাদে এবং কোটা সংস্কার আন্দোলনে যারা সক্রিয় ছিলো, তাদেরকেই এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব প্রদান করা হয়েছে। তাই আমি এদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।
তিনি আরও বলেন, প্রক্টর স্যার আমার কথাগুলো শুনেছেন। উপাচার্য এখন ক্যাম্পাসে নেই। আগামীকাল ক্যাম্পাসে আসার কথা রয়েছে। তখন আমি লিখিত অভিযোগ প্রদান করবো। আপাতত অনশন স্থগিত করেছি।
এ বিষয়ে চবি প্রক্টর প্রণব মিত্র চৌধুরী বলেন, আমরা তার সঙ্গে কথা বলেছি। তার বিষয়গুলো বিস্তারিত শুনবো। এরপরেই ব্যবস্থা নিবে প্রশাসন।
উল্লেখ্য, ড. রহমান নাসির উদ্দিনকে গবেষণা প্রকাশনা ও পরিচালনা পরিচালক এবং ড. হানিফ মিয়াকে সহকারী প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে।